মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু চুরির ঘটনায়, মঙ্গলবার চুরি যাওয়া শিশুর পরিবারকে সঙ্গে নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে শুরু করলেন তদন্ত।
উল্লেখ্য, সোমবার মালদা মেডিক্যাল কলেজের আউটডোর থেকে চুরি হয় ৪০ দিনের পুত্র সন্তান। মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা সুফিয়া বিবি তার ৪০ দিনের পুত্র সন্তানকে সঙ্গে করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসেছিলেন ডাক্তার দেখাতে। এরপরে আউটডোর এক অপরিচিত মহিলার সাথে আলাপ হয় তাঁর। তাঁর পুত্র সন্তানকে কোলে নিয়ে আদর করতে থাকে ওই অপরিচিত মহিলাটি। হঠাৎ একটু অন্যমনস্ক হতেই দেখেন মহিলাটি তাঁর সন্তান নিয়ে উধাও। এরপর কান্নায় ভেঙে পরেন মহিলা। জানাজানি হতেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্যর সৃষ্টি হয়। এই ঘটনায় থানায় সন্তান চুরির অভিযোগ করেন ওই মহিলা। পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।